আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

আক্রান্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ২০ নম্বরে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ৮১১ জনে দাঁড়িয়েছে। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩০ জনের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৭ জন। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১২ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন। এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন, বাড়িতে মারা গেছেন ১৩ জন।

গতকালের চেয়ে আজ ৪০৫ জন বেশি আক্রান্ত হয়েছে। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪২৩ জন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১২ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছে ৬৪৩ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১৩ হাজার ৭৮৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৩৬৫ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছে ৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ১৭৩ জন এবং এ পর্যন্ত ছাডা পেয়েছে ৩ হাজার ৮৪৭ জন।

নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭১১ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ৭ হাজার ১৭৫ জনকে স্কিনিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *