উদ্ধার অভিযান সমাপ্ত

৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৭ মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। ডুবে যাওয়া লঞ্চটি ক্রেণের মাধ্যমে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে। এরপর লঞ্চটির ভেতরে তল্লাশী করে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। লঞ্চ থেকে লাশ উদ্ধার শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিওটিএ-এর চেয়ারম্যান কমডোর মোহাম্মদ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে টেনে আনা হয়। এ সময় লঞ্চের ভিতর থেকে নারী, শিশু ও বেশ কয়েকজন পুরুষসহ আরও ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাত ১২টা পর্যন্ত পাঁচজন নারীর লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত দুর্ঘটনা কবলিত লঞ্চটি থেকে মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৬টার দিকে ‘রাবিত আল হাসান’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজের সাথে লঞ্চটির ধাক্কা লাগলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ ও শিশুসহ অনেক যাত্রী নিখোঁজ ছিল।

লঞ্চডুবি/এসকেএম/টিটি