ওমিক্রনকে মৃদু ভাবা বোকামি

৭ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বজুড়ে লোক মারা যাচ্ছে। তাই এটি কম ঝুঁকিপূর্ণ মনে করাটা হবে বোকামি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান আধানম গেব্রিয়াসিস সতর্ক করে এ কথা বলেন।

আধানম গেব্রিয়াসিস বলেন, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন সুযোগ নেই। তিনি বলেন, দেখা গেছে, ডেলটার তুলনায় ওমিক্রন কম মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে যাঁরা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ মারাত্মক হয়নি। তবে এর মানে এই নয় যে ওমিক্রনকে মৃদু ক্ষতিকর বলে ভাবতে হবে।

কভিডের কারণে মৃত্যু ও বিপর্যয় ঠেকাতে ২০২২ সালে আরও বেশি নিরপেক্ষভাবে সব দেশের জন্য টিকা নিশ্চিত করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আধানম। তিনি চান, ২০২২ সালের মাঝামাঝি সময়ে প্রতিটি দেশ তাদের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেয়ার কাজ শেষ করবে।

আধানম বলেন, টিকা প্রাপ্তির অসমতার কারণে মানুষ মারা যাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

কোটি কোটি মানুষকে অরক্ষিত রেখে মহামারির অবসান ঘটানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৯৫ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এটি রেকর্ড সংখ্যক। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বেশি।

ডব্লিওএইচও/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *