২৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায়, সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির যৌথ কর্মসূচি। এতে করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মাঝে উন্নত মানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। সে অনুষ্ঠানেই এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে। আপনারা সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করুন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবেলা আরও সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার দূর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর ৩টি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোন ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কি-না সেটা তদন্তে বেরিয়ে আসবে।
তিনি বলেন, এই ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা এবং এর সাথে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেয়া হবে না। বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়, কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পূরানো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
ধানমণ্ডি প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
ও কাদের/কিউটি/রমু
















Leave a Reply