আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নেই: সিপিবি

নিউজ ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন আমেরিকা যার বন্ধু তার শত্রু আমেরিকাই। দলটির নেতারা ড. ইউনূস ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি করে তা বাতিলের দাবি জানান।

শুক্রবার ১৭ জুলাই বিকেলে রাজধানীর সূত্রাপুর লোহারপুল মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সাম্রাজ্যবাদী আধিপত্য রুখে দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তিকে সর্বনাশা আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। নেতারা বলেন, অর্থনৈতিক করিডোরের নামে অসম চুক্তি ও ভূ-রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করা যাবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও বন্দর রক্ষার দাবিও ছিল সিপিবি সূত্রাপুর থানা আয়োজিত সমাবেশে।

সমাবেশে সভাপ্রধান ছিলেন দলটির সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ছাত্রনেতা প্রিজম ফকির।

বিকাশ সাহা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্যচুক্তি দেশের অর্থনীতিকে আরও বিপর্যস্ত করবে। করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র এশিয়ায় তার অধিপত্য আরও বিস্তার করতে চায়, তাই ঘাঁটি করার জন্য বাংলাদেশের বন্দর ও জমি দরকার। নানান চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী দেশটি তা বাস্তবায়ন করছে। এদিকে চীন ও ভারত বসে নেই, তারাও সক্রিয় হয়েছে। এতে করে বাংলাদেশ ভূ-রাজনৈতিক ঝুঁকিতে পরতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের সরকারগুলো এসব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সাথে আঁতাত করছে ক্ষমতায় থাকার জন্য।

গোলাম রাব্বী বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করেছে। স্বাধীন বাংলাদেশেও তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। বিগত অন্তবর্তীকালিন সরকারের প্রধানসহ অনেক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল এবং তাদের সহযোগিতায় তারা অসম বাণিজ্যচুক্তি করেছে। এই চুক্তি দাসত্বের চুক্তি। এই চুক্তিতে আমরা দেখি আমেরিকার সাথে নতুন করে আমাদের বাণিজ্য ঘাটতি হবে ৬.২ বিলিয়ন ডলার। এই চুক্তির ফলে আমেরিকার কাছ থেকে বেশি দামে যন্ত্রাংশ, গমসহ বিভিন্ন পণ্য কিনতে আমাদের বাধ্য করা হয়েছে। কিন্তু আমাদের দেশ থেকে যেসব পণ্য আমেরিকায় যায় তার শুল্ক বাড়িয়ে দেয়া হয়েছে! এ কেমন চুক্তি? যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ দেখা হয় নাই। কারা করলো এই চুক্তি? জনগণ বা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা কি এই চুক্তি করেছে? না করেনি। হুট করে জনগণকে না জানিয়ে এই চুক্তি করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই চুক্তিতে দেশের স্বার্থ দেখা হয়নি। অবিলম্বে এই চুক্তি বাতিল করতেই হবে।

সিপিবি/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD