১৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আগামীকাল ১৫ জুন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
মঙ্গলবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে-কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
বিগত ১৮ দিন ধরে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষে আজ থেকে ভোটারদের চিন্তা ভাবনা চলছে কাকে নগর পিতা নির্বাচিত করবেন।
১০৫টি ভোট কেন্দ্রে নিয়োগকৃত ১০৫ জন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র্রের ভোটগ্রহণ সরঞ্জামাদি সুষ্ঠুভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিতরণ করছেন। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে নিয়োগকৃত সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভোট গ্রহনের কেন্দ্রগুলোতে ব্যবস্থা গ্রহণ করবেন।
সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১ লাখ ১৭ হাজার ৯২ জন মহিলা ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশ করছেন। এবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ড ৫ ও ১০ নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা ২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলায় ১ হাজার ২৬০ জন আনসারসহ ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে।
জেলা পুলিশ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৭৫টি চেক পোস্ট, স্ট্রাইকিং ফোর্স, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫ প্লাটুন বিজিবি এবং র্যাব নিয়োগ করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কুসিক নির্বাচন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply