খুলনায় চোখে-মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক: খুলনার পাইকগাছায় গতকাল রোববার রাতে এক গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।

সোমবার ভোরের দিকে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর ছেলে ও স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, গৃহবধূর স্বামী কাঁচামালের ব্যবসা করেন। গতকাল রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। পড়ালেখার জন্য ছেলে ও মেয়ে বাইরে থাকেন। গতকাল দুর্বৃত্তরা ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে ঢোকে। আজ ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় আঠা দিয়ে তার চোখ ও মুখ লাগানো ছিল। তার হাত ও পা বাঁধা ছিল। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তাদের অভিযোগ।

ওই নারীর ছেলে বলেন, বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। মায়ের চিকিৎসার জন্য তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক সুমন রায় বলেন, এক নারী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে তাকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, কী কারণে, কারা ওই নারীকে ধর্ষণ করেছে, ব্যাপারটি এখন নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। এখনও মামলা হয়নি।

খুলনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *