২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিএনসিসি। এমনটাই বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
রোববার বাংলাদেশ সেনাবাহিনীর মহানগর আর্মি ক্যাম্প, হাতিরঝিল, জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, খালের মতো হাতিরঝিলের পুরও দায়িত্ব ডিএনসিসিকে দেয়া হলে এর সৌন্দর্য বর্ধণে ডিএনসিসির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, মগবাজার মধুবাগ, নয়াটোলা, মহানগর আবাসিক এলাকা, নিকেতন, তেজগাঁও শিল্প এলাকা, নাখালপাড়া, কাওরান বাজার, ধানমন্ডি-২৭, গ্রীন রোড, কাঠালবাগানসহ এসব এলাকার বর্ষার পানি এবং গৃহস্থলী বর্জ্য পানি হাতিরঝিলের উভয় পার্শ্বে বিদ্যমান ১ হাজার ৮ শত ৩০ মিলিমিটার এসএসডিএস লাইনে নিষ্কাশিত হয়।
ডিএনসিসি মেয়র আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই উক্ত লাইনে জমে থাকা কঠিন বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তিনি বলেন, রাজউকের বর্তমান ব্যবস্থাপনায় হাতিরঝিল লেকে কঠিন বর্জ্য ঢুকতে না পারলেও তরল বর্জ্য ঢোকার কথা। হাতিরঝিলকে রক্ষা করতে হলে কঠিন কিংবা তরল কোন ধরনের বর্জ্যই যাতে এই লেকে না পড়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ সময় মোহাম্মদ আতিকুল ইসলাম নষ্ট হয়ে পড়ে থাকা পাম্পগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমলসমূহ সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পযর্ন্ত খোলা রাখার বিষয়টি ডিএনসিসির পক্ষ থেকে কঠোরভাবে দেখা হচ্ছে।
আলোচনা সভায় ডিএনসিসি মেয়রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এবং রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম/এসকেএম















