নিউজ ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৮টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে।
শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কুরবানির এসব গরু বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে ওই ট্রলারে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।
গরু ব্যবসায়ীদের মধ্যে একজন নূরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তারা ১৫ জন ব্যবসায়ী বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তার ছিল তিনটি গরু। পানি বাড়ায় নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে গেছে। ১৭টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীর তীরে যান স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি বলেন, ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জে কুরবানি হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৭টি গরুর রশি কেটে দেয়া সম্ভব হয়েছে। গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা তীরে ভিড়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ট্রলারসহ ৩১টি গরু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়, ১৭টি গরু উদ্ধার করা গেছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
ট্রলারডুবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply