বঙ্গবন্ধু সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা

১৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চির অম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিলেন। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সাথে অন্তরে স্থান দিয়েছেন।

১৫ আগস্ট বাঙালির জীবনে এক শোক বিধুর দিন উল্লেখ করে জিএম কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। আমরা এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসাথে ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে শহীদ সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

শোকাবহ এই দিনে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো বলেও অঙ্গীকার করেন জিএম কাদের।

জিএম কাদের/এসকেএম