বর নয়, এলেন মেজিস্ট্রেট

৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): ধুমধাম আর হইচই চলছে। চলছে খানাপিনা। বিরিরানী, রোস্ট, রেজালার গন্ধে মৌ-মৌ আশপাশ। বাড়িতে বিয়ে বলে কথা। আমন্ত্রিতরা খাচ্ছেন। বর এলেই শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। হঠাৎ সব থমকে গেল। না, বর আসেননি। এসেছেন মেজিস্ট্রেট। সাথে পুলিশও আছেন। করোনাকালে সরকারি আদেশ অমান্য করে বিয়ের আয়োজন। পুলিশ নিয়ে মেজিস্ট্রেট সে কারণেই হাজির হলেন বিয়ে বাড়িতে।

বৃহস্পতিবার দুপুরে এমনটাই ঘটলো চট্টগ্রামের হাটহাজারীতে। দুপুর দেড়টায় মেজিস্ট্রেট পৌঁছেন হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে।

যুগীরহাটের শমছু পুকুরপাড় এলাকার আবদুল গফুর সওদাগরের বাড়িতে ছিল বিয়ের আয়োজন। লকডাউনকালে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বন্ধ করে দেন বিয়ে। এটাই শেষ নয়, বিয়ের আয়োজন করায় কনেপক্ষকে গুনতে হয় ২০ হাজার টাকা অর্থদণ্ডও।

আরও পড়ুন: হাটহাজারীতে সংক্রমণের হার ৬০ শতাংশ

নির্বাহী মেজিস্ট্রেট শরীফ উল্যাহ গণমাধ্যমকে জানান, বিধিনিষেধ অমান্য করে ছাদে প্যান্ডেল তৈরি করে কনেপক্ষ। ১০০ জনের বেশি মানুষের খাবারের আয়োজন করে। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

ওদিকে বরের কি খবর? ভ্রাম্যমাণ আদালত শশুর বাড়িতে অভিযান চালিয়েছে বলে খবর পেয়ে যান বর। তাই পথে থাকা বর আর গন্তব্যে পৌঁছাননি। ফিরে গেছেন নিজ আলয়ে।

বিয়ে হলো না/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *