বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে

২৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। এজন্য সবসময় তাদের ভোট থেকে পলায়নপর মনোবৃত্তি। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি, ২০১৮ সালে নির্বাচন থেকে পালাতে চেয়েছিল। পরবর্তীতে অনেক নাটকীয়তার পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অপরদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর বিশ্বাস করে। আওয়ামী লীগ তার ইতিহাসে জনগণের রায় ব্যতিরেকে অন্য কোনও ভাবে ক্ষমতায় যায়নি। আর বিএনপি’র ইতিহাস হচ্ছে চোরাপথে ক্ষমতায় যাওয়া।

ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপি’র ঊর্ধ্বতন নেতাদের জনগণের ওপর কোনও আস্থা নেই বিধায় সংলাপ নিয়ে তারা এ ধরণের বক্তব্য দিচ্ছেন নির্বাচন নিয়েও অবান্তর কথা বলছেন। তারা যে জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, সেটি তারা জানেন। তাই এখন বিএনপি চোরাগলির পথ খুঁজছে, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু চোরাগলির পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *