২২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। তিনি বলেন, বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।
সোমবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।
ওবায়দুল কাদের বলেন, জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের দাবী আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ। অতীতেও দেশবাসী বিএনপি’র দফা ভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন। তবুও তারা কর্মি-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম। বিএনপি নেতারা গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে। প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি। কারণ জনগণ বুঝে গেছে বিএনপি যত কথাই বলুক আন্দোলন করতে পারবে না।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপি’র হাতে কখনো ইস্যু তুলে দিবে না। তাই জনগণের সাথে সংশ্লিষ্ট যে কোন ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















