বিএনপির এতো বিদেশপ্রীতি কেনও প্রশ্ন তথ্যমন্ত্রীর

১৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, কারও একটু জ্বর উঠলে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে বিএনপি। তাদের এতো বিদেশপ্রীতি কেনও সেটি একটি প্রশ্ন।

বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ‘সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে’- বিএনপি নেতা রিজভী আহমেদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, দেশে কোনও ঘটনা ঘটলে দূতাবাসে দৌড়ায় আর কারও একটু জ্বর উঠলে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে বিএনপি। তাদের এই বিদেশপ্রীতিটা কেন?

ডক্টর হাছান বলেন, বেগম খালেদা জিয়া আদালত থেকে কোনও জামিন বা খালাস পান নাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত মহানুভব, সেকারণে তিনি তার সংবিধানপ্রদত্ত ক্ষমতা বলে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করেছেন। এজন্য বিএনপি বরং সরকারকে ধন্যবাদ দেয়া প্রয়োজন। ক’দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ডাক্তাররা বলেছেন বেগম জিয়া সুস্থ এবং ভালো আছেন। রিজভী সাহেব কখন ডাক্তার হয়ে গেলেন তা জানি না।

তথ্যমন্ত্রী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *