ভ্যাকসিনের দাম ৪২৫ টাকা

০২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যাবে ৪২৫ টাকায়। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনেকে দেশের তুলনায় কম দামে অল্প সময়ে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলেও জানালেন তিনি। তিনি জানান, জানুয়ারি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছুবে।

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম।

তিনি আরও বলেন, প্রায় ৬ কোটি মানুষের চাহিদা মেটাতে ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেয়া হবে। প্রাথমিক চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের ৩ কোটি ডোজই পাওয়া যাবে। প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ।

প্রথম চালানের ভ্যাকসিন প্রথম কাদের দেয়া হবে, সে বিষয়ে তালিকা তৈরিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করার তাগিদ দেন।

ভ্যাকসিন/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *