নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালীতে একটি বিলুপ্তপ্রায় মেছোবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসী।
রোববার সন্ধ্যায় উপজেলার মধ্য জোতপাড়া এলাকায় মেছোবাঘটিকে বিচরণ করতে দেখে স্থানীয় গ্রামবাসী লাঠিপেটা করে আহত করে। এর কিছুক্ষণ পর সেটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মধ্য জোতপাড়া গ্রামের নুরুল ইসলামের মুরগির খামারে হানা দেয় মেছোবাঘটি। তা দেখে গ্রামের বেশ কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে সেটিকে ঘেরাও করে পিটিয়ে আহত করে। পরে প্রাণীটি মারা যায়। তবে আরেকটি মেছোবাঘ নুরুল ইসলামের বাড়িতে লুকিয়ে আছে।
চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম মেছোবাঘ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় মেছোবাঘ। গ্রামের মানুষ না বুঝে এটিকে হত্যা করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ বলেন, প্রাণীটিকে হত্যার বিষয়টি শুনেছি। এভাবে প্রাণী হত্যা করা ঠিক না।
এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, জনগণ সচেতন না হওয়ার কারণে নির্বিচারে প্রাণী হত্যা করা হচ্ছে। দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
মেছোবাঘ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply