২৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০–এ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ওই লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নৌ আদালত।
রোববার বিকেলে মামলা দায়েরের পর সেটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নৌ আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম। নৌ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মোহাম্মদ হামজালাল শেখ, মোহাম্মদ শামিম আহম্মেদ, মোহাম্মদ রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মোহাম্মদ রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মোহাম্মদ মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মোহাম্মদ খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
এর আগে রোববার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শফিকুর রহমান। এ ছাড়া দুর্ঘটনার মামলা হওয়ায় আইন অনুযায়ী আজ রোববারই অভিযান-১০ লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার-চালকদের সনদ স্থগিত করা হবে বলে নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে লঞ্চে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকা, জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়া ও বালুর বাক্স না থাকা এবং রান্নার জন্য গ্যাসের চুলা ও সিলিন্ডার রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শফিকুর রহমান জানান, অধিদপ্তরের বরিশালের পরিদর্শকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের আলোকে মামলাটি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের আলোকে এ ঘটনায় মৃত্যুজনিত দায় নির্ধারণ করে সম্পূরক মামলা করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় ঝালকাঠির সুগন্ধার সন্নিকটে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেন। অসংখ্য যাত্রী আগুনে পুরে বরিশাল ও ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply