১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আগামীকাল। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।
সেদিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। এ অবস্থায় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধা সদন থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। সেদিন আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আবেদন না মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
গ্রেফতার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।
শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ শেখ হাসিনা মুক্তি পান।
আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস গণতন্ত্রের মুক্তি দিবস
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১টায় ১৯ বঙ্গবন্ধু এভিনিউ-এর চতুর্থ তলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
ভার্চ্যুয়াল আলোচনার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সভায় প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা/এএমএম/কিউটি
















Leave a Reply