০২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে টিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনতে স্থানীয় জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
সোমবার নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, যে সব স্থানে লোক সমাগম বেশি হয় সে সব ওয়ার্ডের জনগণকে প্রথম টিকা দিতে হবে।
খাদ্যমন্ত্রী ভ্যাকসিন নিয়ে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, একসময় যারা টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছে তারা এখন টিকা নিচ্ছেন। টিকার সুফল পেতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে।
পরে তিনি করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এর পরে তিনি পোরশার গোপালগঞ্জে আশ্রায়ন ২ প্রকল্প পরিদর্শন করেন। বাসিন্দাদের মধ্যে করোনা ভাইরাসের মহামারিকালে প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি আশ্রয়ন কেন্দ্রে একটি গাছের চারা রোপণ করেন।
উপজেলার ‘ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও করোনার ঊর্ধ্বগতি রোধে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হামিদ রেজা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতারা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
উল্লেখ্য, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জ আশ্রায়ন ২ প্রকল্পে ৭৮টি গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়।
সাধন চন্দ্র মজুমদার/এসকেএম














