সাকিব-লিটনের ব্যাটে হাসিমুখে বাংলাদেশ

০৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ভালোই গেছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ ওভারে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। সাকিব অপরাজিত আছেন ৩৯ রানে আর লিটন দাসের সংগ্রহ হার না মানা ৩৪ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে দুইজনের সংগ্রহ এখন পর্যন্ত ৪৯ রান। দ্বিতীয় দিনে আবারও ব্যাট করতে নামবেন সাকিব-লিটন।

এর আগে চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। তবে আশার আলো দেখালেন সাকিব- লিটন জুটি।

ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের শুরুটাও হয়েছে ব্যর্থতা দিয়ে। দুই বাউন্ডারিতে তার সংগ্রহ ৯ রান। বল মোকাবেল করেছেন ১৫টি। কেমার রোচের বল তামিমের উইকেট এলোমেলো করে দেয়।

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা আরেক তরুণ ওপেনার সাদমান ইসলাম লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অভিষেক টেস্টে ফিফটি হাঁকানো এই ব্যাটসম্যান ৫ টেস্ট পর আবারও পেলেন অর্ধশতকের দেখা। তবে বিতর্কিত এক আউটে বিদায় নিতে হয়েছে তাকেও। ১৫৪ বলে ৫৯ রানের ইনিংসটি শেষ হয় ওয়ারিকানের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে।

ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত পরেন রান আউটের খাড়ায়। বিদায়ের আগে তার সংগ্রহ ২৫ রান। ৫৮ বলের ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।

অধিনায়ক মোমিনুল তার ধৈর্য্যশীল ইনিংসটিকে বেশি দূর টানতে পারেননি। ৯৭ বল মোকাবেলায় সংগ্রহ ২৬ রান। এতে বল বাউন্ডারি পাড় হয়েছে দুইবার।

৬৯ বলে মোকাবেলা করে ৩৮ রান সংগ্রহ করে ওয়ারিকানের বলে সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল মুশি।

তবে প্রথম দিনের বাকি সময়টায় সমর্থকদেরকে আর দুর্ভাবনায় পড়তে দেননি সাকিব ও লিটন দাস। দুইজন নিশ্চিন্তে পাড়ি দেন বাকিটা সময়। সাকিব টেস্ট মেজাজে খেললেও কিছুটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন লিটন। ৫৮ বলে ৩৪ রান করে অপরাজিত তিনি। ৯২ বলে ৩৯ রান করে অপরাজিত সাকিবও। 

আগামীকাল দলকে বড় সংগ্রহ পাইয়ে দিতে আবারও মাঠে নামবে এই জুটি। 

উইন্ডিজের হয়ে ১ম দিনে ৩টি উইকেট শিকার করেছেন স্পিনার ওয়ারিকান। ১টি উইকেট গেছে কেমার রোচের দখলে।

ক্রিকেট/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *