অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে আগুন

২৪ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): বসনিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে অভিবাসীদের অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই। চরম দুর্ভোগে মানবেতর দিন কাটাচ্ছেন কয়েক হাজার অভিবাসী।

ইউরোপে পাড়ি দেয়ার আশায় বসনিয়ার এই আশ্রয়শিবিরে অবস্থান করছিলেন প্রায় এক হাজার ২০০ অভিবাসী। যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশিও রয়েছে। তীব্র শীতের মধ্যেই বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।

অভিবাসনপ্রত্যাশী এক বাংলাদেশি বলেন, আশ্রয়শিবির পুড়ে যাওয়ার পর এখন আমরা খোলা আকাশের নিচে অবস্থান করছি। যে পরিমাণ ঠাণ্ডা পড়ছে বাইরে, রাত কাটালে আমাদের মৃত্যু নিশ্চিত।

প্রাথমিকভাবে জ্বালানি তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ক্রোয়েশিয়া সীমান্তবর্তী বসনিয়ার এই আশ্রয়শিবিরে অস্বাস্থ্যকর পরিবেশ ও সুযোগ-সুবিধার অপর্যাপ্ততা নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মানবাধিকার সংস্থাগুলো।

বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের সংকট সমাধানে ইইউসহ উন্নত দেশগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

বসনিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *