নিউজ ডেস্ক: বিএনপি যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সব কর্মসূচির উদ্দেশ্যই হলো গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা। তারা যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জ্বালাও-পোড়াও আন্দোলনের জন্য বিএনপি সব সময় সেরা ছিল। আন্দোলনের সফলতা না পেয়ে বিএনপি এখন বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগুচ্ছে। বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে বিশৃঙ্খলা করছে। আর আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায়। কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত আছে।
তিনি বলেন, আমরা সরকারে আছি, শান্তি চাই। বিশৃঙ্খলা কেন করব? পাল্টাপাল্টি সমাবেশ আমরা দেইনি। নির্বাচন পর্যন্ত আমাদের নিজস্ব কর্মসূচি আছে। আমরা শান্তি সমাবেশ, গণসংযোগ করছি। আমরা কোন সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। রাজনীতিতে ও নির্বাচনে প্রতিযোগিতা চাই। বিএনপি সংঘাত চায়।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে কোন সংঘাতময় পরিস্থিতি নেই। বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে, সংঘাত করতে দু চারজন হলেই চলে। বিএনপির সে স্বভাব ও শিক্ষা আছে।
তিনি বলেন, বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা চায় সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply