৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও শিগগিরই এসব রুটে এ পরিবহন সেবা চালু হবে।
সোমবার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে সভা অনুষ্ঠিত হয়।
নতুন তিনটি রুট হলো কেরানীগঞ্জের ঘাটারচর থেকে রাজধানীর ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জ ভুলতা, ঘাটারচর থেকে মোহাম্মদপুরের বছিলা, সায়েন্সল্যাব হয়ে কাঁচপুরের মেঘনা ঘাট পর্যন্ত এবং ঘাটারচর থেকে রাজধানীর কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।
এর আগে গত ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ এর কার্যক্রম শুরু হয়।
নতুন তিনটি রুটে কবে নাগাদ এ সেবা চালু হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব রুটে যাতে করে আরও ভালো সেবা দেয়া যায়, সে জন্য কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এ জন্য পরামর্শকেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এ নিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন।
বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা নগর পরিবহন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply