১৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নেপাল): নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টে গুরুত্বপুর্ণ আস্থা ভোটে জয়ী হয়েছেন।
রোববার দেশটির সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে ২৭৫টি ভোটের মধ্যে ১৬৫টি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রীদ দেউবা। তার বিপরীতে ছিলেন ৮৩ এমপি। ভোটদান থেকে বিরত ছিলেন এক এমপি।
মে মাসে ভেঙে দেয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যেই এ ভোট অনুষ্ঠিত হয়।
ভোটের আগে ৭৪ বছর বয়সী দেউবা বলেন, অব্যাহত রাজনৈতিক সন্দেহ, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা গণতন্ত্রকে দূর্বল করেছে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।
দেশটিতে কয়েকমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা শেষে দেউবা মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন করে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মধ্যে এই আস্থা ভোটের আয়োজন করতে হয়। আস্থা ভোটে হেরে গেলে তাকে দেশজুড়ে নতুন নির্বাচন দিতে হতো।
দায়িত্ব নেয়ার পর পরই দেউবা বলেছিলেন, মহামারি প্রতিরোধ করাকেই তিনি অগ্রাধিকার দেবেন।
দেশটিতে এ পর্যন্ত প্রায় ছয় লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে নয় হাজার ৫শ’রও বেশি লোক।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেউবা চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।
নেপাল/এসকেএম















