আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে মোকাবেলায় দ্রুত ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।
ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনের নিরাপত্তাবিষয়ক বৈঠকে যোগদানের আগে জোটের মহাসচিব বলেন, ইতোমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্রের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশটিতে পৌঁছে দেয়া উচিত।
ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনকে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান এবং যুদ্ধ ট্যাংকসহ যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা দ্রুত সরবরাহ করা এখন জরুরি হয়ে পড়েছে।
স্টলটেনবার্গ স্বীকার করেন যে, ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনের ধরন সময়ের সাথে সাথে সম্প্রসারিত হয়েছে। কিন্তু ফাইটার জেট (যুদ্ধবিমান) দেয়ার বিষয়টি এ মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় নয়।
ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সাথে দুই দিনব্যাপী আলোচনা করবেন। আলোচনায় সামরিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে ইউক্রেনকে প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহের বিষয়ে আলোচনা হবে। তবে নিজেদের মজুত যাতে অক্ষুণ্ন থাকে, সেদিকেও খেয়াল রাখবে সদস্য দেশগুলো।
ন্যাটো/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply