ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা জর্ডানের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্ডান। দেশটির অভিযোগ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ তৈরি করেছে। একই সাথে ইসরাইলকেও জর্ডান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি অবিলম্বে ইসরাইল থেকে জর্ডানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘ইসরাইলের যুদ্ধে গাজায় নিরপরাধ মানুষের প্রাণ যাচ্ছে’ বলে বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দূত তখনই ইসরাইলে ফিরে যাবে, যখন ইসরাইল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবে। একই সাথে ইসরাইলকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় ৮ হাজার ৭৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

কূটনৈতিক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *