অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন।
দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানিয়েছেন, ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, ‘আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।’
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহ ময়দানে ১২১টি কাতারে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ঈদগাহে ভিআইপি ২৫০ পুরুষ ও ৮০ জন নারীর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারীর জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটকের ব্যবস্থা রাখা হয়েছে। অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন।
মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি ও নামাজের জন্য কার্পেট সরবরাহ করা হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট এবং বৃষ্টির পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদ জামাত/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD














