১০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে রোববার (১১ জুলাই) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিন জানা যাবে বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে।
শনিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
ইদুল আজহা/এসকেএম














