উত্তরপ্রদেশে বিস্ফোরণের পর ভবনধস

০২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণের কারণে ভবনধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের গণ্ডা জেলায় বিস্ফোরণের কারণে একটি দোতলা ভবন ধসে পড়ে।  এতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। আহত হয়েছেন আরও সাতজন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

গণ্ডা জেলার পুলিশ চিফ (এসপি) সন্তোষ কুমার মিশ্র বলেন, ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত থেরকাপুরওয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোগি আদিত্যনাথ। আহতদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

বিস্ফোরণ/এসকেএম