২৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে উন্নত জাতি গঠনে চলচ্চিত্র শিল্প বড় ভূমিকা রাখতে পারে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডক্টর হাছান বলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যেমন হয়েছে, তেমনি মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য যে সাংস্কৃতিক আন্দোলন ও শিল্প-সংস্কৃতির বিকাশ প্রয়োজন, চলচ্চিত্র শিল্প সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে।
দেশে চলচ্চিত্র শিল্পের সূচনা নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থায় বাঙালির মুক্তি নিহিত নেই বরং তারা আমাদের কৃষ্টি, ভাষা, সংস্কৃতির ওপর আঘাত হানছে। তাই প্রাদেশিক শিল্পমন্ত্রী থাকাকালে এই জনপদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষা ও চলচ্চিত্র শিল্পের বিকাশের লক্ষ্যে তিনি ১৯৫৭ সালে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। সেই থেকে এদেশে চলচ্চিত্র শিল্পের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। এরপর বহু কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে। অনেক চলচ্চিত্র আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে ভূমিকা রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই চলচ্চিত্র শিল্প শুধুমাত্র স্বর্ণালী দিনই ফিরে পাবে না, বিশ্ব দরবারে স্থানও করে নেবে, প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন এবং তার পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিজয়ীদের হাতে চলচ্চিত্র পুরস্কার ২০২০ তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন এসময় বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply