একুশে পদক দেয়া হবে আগামীকাল

১৯ ফেব্রুয়ারি ২০২১(নিউজ ডেস্ক): দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক আগামীকাল দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক দিবেন।

শনিবার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে।

২০২১ সালের একুশে পদক প্রাপ্তদের নাম ৪ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ২১ জন বিশিষ্ট নাগরিককে পদক দেয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, চলতি বছর ভাষা আন্দোলনে ৩ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৩ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ৩ জন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় একজন করে মোট একুশ জনকে পদক প্রদান করা হবে।

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক পদক পাচ্ছেন। এছাড়া এই ক্যাটাগরিতে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা।

শিল্পকলায় পদক পাচ্ছেন কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ডক্টর ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি) ও পাভেল রহমান (আলোকচিত্র)।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ডক্টর মীর্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদক পাচ্ছেন বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ ও সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী ।

একুশে পদক/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *