নিউজ ডেস্ক: কক্সবাজারে শেষ হলো দুই দিনব্যাপী পার্ল লিভার ফেস্ট-২০২৩। এতে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ ও ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞগন ও হেপাটোলজি বিভাগের রেসিডেন্টসহ প্রায় ৫০ জন চিকিৎসক অংশগ্রহন করেন।
এর আগে ২৩ ডিসেম্বর সকালে কক্সবাজার এক্সপ্রেস যোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান অংশগ্রহনকারী চিকিৎসকগণ। রাতে কক্সবাজার এক্সপ্রেসেই অনুষ্ঠিত হয় পার্ল লিভার ফেস্টের বৈজ্ঞানিক অধিবেশনটি।
এতে লিভার ক্যান্সার চিকিৎসায় দেশে উৎপাদিত ইমিউনোথেরাপীর ভূমিকা নিয়ে কিনোট লেকচারটি প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার জাহাঙ্গীর আলম সরকার। সেশনটি চেয়ার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার এমএ রহিম ও শেখ মোহাম্মদ নূর-ই- আলম ডিউ আর মডারেশনের দায়িত্বে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রোকসানা বেগম।
উল্লেখ, বাংলাদেশে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিভার ক্যান্সার চিকিৎসায় একাধিক ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটার বা ইমিউনোথেরাপী উৎপাদন করছে। যা ব্যবহার করে এদেশে লিভার ক্যান্সার রোগীরা উপকৃত হচ্ছেন।
পার্ল লিভার ফেস্টের আয়োজনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল। সাইন্টিফিক পার্টনার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
অধ্যাপক ডাক্তার স্বপ্নীল জানান, ট্রেনের বিরুদ্ধে চলমান আগুন সন্ত্রাসের প্রতিবাদে তারা ট্রেনে বৈজ্ঞানিক অধিবেশন আয়োজন করেন।
উল্লেখ, ইতোপূর্বেও ইনানী বীচ, সুন্দরবন, মিঠামইনের হাওর, সেন্টমার্টিন দ্বীপ এবং সিলেটে একই ধরনের লিভার ফেস্টের আয়োজন করা হয়েছিল। যেখানে লিভার বিশেষজ্ঞরা বিজ্ঞান চর্চার পাশাপশি বাংলাদেশকে এবং বাংলাদেশের বদলে যাওয়াকে আরও বস্তুনিষ্ঠভাবে চিনতে ও উপলব্ধি করতে সক্ষম হন। এবারের দুদিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহনকারী লিভার বিশেষজ্ঞরা কক্সবাজার ত্যাগ করেন।
কক্সবাজার/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















