বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব

নিউজ ডেস্ক

বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাপ্রাপ্ত সবাই সুস্থ আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সাপে কাটা রোগীদের ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য আহবান জানিয়েছেন।

সোমবার ১৩ জুলাই সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সাপে কাটা প্রসঙ্গে বলেন, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কার কারণে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। তিনি সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

এ সময় মন্ত্রী জানান, বন্যার প্রথম রাতে পাঁচজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের অ্যান্টিভেনম দেয়া হয়েছে এবং সবাই সুস্থ আছেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, সবশেষ তথ্য অনুযায়ী বন্যাকবলিত এলাকায় ৯৫ জনকে সাপে কেটেছে, যারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। তিনি জানান, বর্তমানে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। জেলা পর্যায়ে ২১ হাজার ভায়াল সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। ফলে অ্যান্টিভেনম সঙ্কটের কোনো আশঙ্কা নেই।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে বন্যাকবলিত হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যেক জেলায় একজন সিনিয়র চিকিৎসককে সার্বিক দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে। বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

সাপে কাটা/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD