নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেয়ার ব্যাপারে চার দেশের হাসপাতালে খোঁজখবর নিচ্ছে পরিবার। তাকে বিদেশে নিতে চেয়ে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলবে- এমনটাই আশা পরিবারের।
খালেদা জিয়ার পরিবারের একটি সূত্র শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন সরকার যদি অনুমতি দেয়, তাহলে শিগগিরই যেন তাকে বাইরে নেয়া যায় সে জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
পরিবারের সদস্যরা আশাবাদী, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি পাবেন। আর তাই তারা বিশ্বের চার দেশে হাসপাতালের খোঁজখবর নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার লিভার সিরোসিসের চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে। অনুমতি পাওয়ামাত্রই অসুস্থ খালেদা জিয়াকে বাইরে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রায় ২ মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছে। ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনও কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে।
জানা গেছে, গত সোমবার খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিক্ৎিসা দেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদনে স্বাক্ষর করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার একটি দৈনিক প্রত্রিকাকে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে সোমবার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনি মতামত জানতে চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল খালেদা জিয়াকে। এরপর ছয় মার পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। সবশেষে গত ১২ সেপ্টেম্বর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খালেদা জিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply