জনগণের খুশি ও বেগম জিয়ার সুস্থতায় বিএনপি অখুশি

১৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় ও বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি।

বৃহস্পতিবার নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন নিয়েও বিএনপি খুশি নয়। এমনকি আসন্ন কমিশনে যদি তিনজন ফেরেশতাকেও মনোনয়ন দেয়া হয়, সেই কমিশনের প্রতিও তাদের কোন আস্থা থাকবে না। কারণ জয়ের নিশ্চয়তা না পেলে তারা কখনোই খুশি নয়।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সব মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে, ভারতকেও ছাড়িয়েছে।

তিনি বলেন, দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সবাই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট প্রায় ৩শ মানুষের নাম জমা দিয়েছে। তখন বিএনপি সেখান থেকে দূরে থাকল। নাম জমা দিলো কি না দিলো, তাতে কিছু যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।

বর্তমান সরকারের গঠনমূলক পদক্ষেপের কারণে মানুষের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে উল্লেখ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান। বলেন, যখন দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, যখন ঘরে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য, জনগণ যখন আওয়ামী লীগ রাজনীতির প্রতি সন্তুষ্ট, তখন স্বাধীনতার বিপক্ষের এবং পাকিস্তানের দোসররা দেশ ও সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে এবং বাইরে আন্তর্জাতিক মহলে গভীর চক্রান্তে লিপ্ত হয়ে পড়েছে।

স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন ও সাফল্যের নজির দেখে অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামী লীগে যোগদান করতে আসবেন। যারা পিঠ বাঁচাতে আসতে চাইবে, যারা জমি দখল, মাদকের সাথে জড়িত, তারা দলের নেতৃত্বে আসতে পারবে না।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *