নিউজ ডেস্ক: বিএনপির আন্দোলনের সাথে দেশের মানুষের কোন সম্পৃক্ততা নেই। তাই বিএনপি জামায়াত যুগপৎভাবে যত আন্দোলনই করুক না কেন, তা কোন কাজে আসবে না। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
রোববার বিকেলে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এএমআর ডিগ্রী কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত দলকে তারা আন্দোলন করে ক্ষমতা থেকে সরাতে পারবে না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা সম্পর্কে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) অত্যন্ত স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে থাকে। দুদকের ওপর সরকারের কোন প্রভাব বা নিয়ন্ত্রণ নেই।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দুদক আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, তারেক রহমান দুর্নীতি করে বিদেশে পালিয়ে আছে। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে। কাজেই, বিএনপি দুদককে বিএনপি দমন কমিশন বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে।
এর আগে সকালে মন্ত্রী কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গায় সরিষার মাঠ পরিদর্শন করেন এবং সরিষা চাষীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় ডক্টর রাজ্জাক বলেন, ভোজ্যতেলের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়।
তিনি বলেন, দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রথম বছরেই সারা দেশে দ্বিগুণ পরিমাণ সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে বিপ্লব ঘটতে যাচ্ছে এবং আগামী তিন বছরের মধ্যেই আমরা বছরে ভোজ্যতেল আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারব।
সরিষা চাষীরা যাতে সরিষার ভালো দাম পান সে বিষয়েও সহযোগিতা করা হবে বলেও জানান মন্ত্রী।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply