১৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ যাতে বিশ্বের অন্যান্য দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা গোপনে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডক্টর হাছান বলেন, দেশের মানুষকে করোনা মহামারি থেকে রক্ষায় সরকারের টিকা সংগ্রহের কাজের শুরু থেকেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনকি টিকা আসার পর তা যেন জনগণ না নেয়, সেজন্য টিকার বিরুদ্ধে তারা অপপ্রচারও চালিয়েছে। আবার ক’দিন পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছে। আবার কেউ কেউ প্রকাশ্যে টিকা নিয়ে স্বস্তিপ্রকাশও করেছে।
তথ্যমন্ত্রী বলেন, এখন যখন বাংলাদেশ বিভিন্ন সূত্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে, সাতসমুদ্র পারে বিএনপি’র বৈদেশিক শাখাগুলো ভেতরে ভেতরে অপচেষ্টা চালাচ্ছে। যাতে বাংলাদেশ টিকা না পায়। সেইসাথে দ্ব্যর্থহীন কন্ঠে তিনি বলেন, কোনও ষড়যন্ত্রে কাজ হবেনা। সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা আনবে। শিগগিরই আবার ব্যাপকভাবে টিকাদান শুরু হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ সাহায্যগ্রহীতা থেকে এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে। দেশের এই উন্নয়ন-অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা নানামুখী ষড়যন্ত্র করছে।
তথ্যমন্ত্রী বলেন, ৪০ বছরের দীর্ঘ পথচলায় বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, শুধু সময়ের সাহসী সন্তানই নন, ষড়যন্ত্র-দুর্যোগের মধ্যেও অবিচল থেকে জাতিকে নেতৃত্ব দেন তিনি।
স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন টয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম















