ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হন রফিকুল ইসলাম নামে অন্য এক আরোহী।

শনিবার দুপুর সাড়ে ১২টায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ডাম্প ট্রাকটি আটক করেছে।

নিহত পুলিশ কনস্টেবল শওকত হোসেনের বয়স ৪৫ বছর। তিনি ভোলা জেলায় কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠি গ্রামে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুতবেগের একটি নম্বর প্লেটবিহীন ডাম্পট্রাক দুজন আরোহীসহ দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটি চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শওকত হোসেনের মৃত্যু ঘটে। অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুমকি থানার ওসি মোহাম্মদ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য শওকত হোসেনের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় আছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ