তথ্যমন্ত্রীর প্রতি শিল্পীদের কৃতজ্ঞতা

১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): বিদেশি শিল্পী দিয়ে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণে বাড়তি ফি নির্ধারণ করে নীতিমালা সংস্কার করেছে সরকার। এ জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদকে অকুণ্ঠ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশের শিল্পীরা।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সাথে সাক্ষাত করে শিল্পীরা তাদের এ অনুভূতি জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শিল্পীদের সুরক্ষা দেয়া। আমাদের টেলিভিশনে বিজ্ঞাপনের একটা বিরাট অংশ অন্যদেশের শিল্পীদের দিয়ে বানানো হয়। সেই শিল্পীরাও প্রথম শ্রেণির নয়। অন্যদেশের দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের শিল্পী। পক্ষান্তরে, আমাদের মডেল ও শিল্পীরা দেখতে সুন্দর, স্মার্ট এবং ভালো অভিনয় করেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, বিদেশি শিল্পী বা বিদেশ থেকে চলচ্চিত্র বা বিজ্ঞাপন বানিয়ে আনা বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। এখন মুক্তবাজার অর্থনীতি, যে কেউ যে কাউকে দিয়ে বানাতে পারে। সরকারের লক্ষ্য দেশের শিল্পীদের সুরক্ষা দেয়া।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শিল্পীদের কল্যাণে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। সেটি এখন সংসদীয় কমিটিতে আছে। কমিটির সাথে আলোচনাও হয়েছে, খুব সহসা সেটি সংসদের অনুমোদন লাভ করবে।

এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র ও নাট্যনির্মাতা এবং গীতিকার এস এ হক অলীক, অভিনেত্রী ও মডেল তারিন জাহান।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম দেশ, দেশের শিল্প-সংস্কৃতি ও শিল্পী রক্ষায় এই নীতিমালা সংস্কারকে তথ্যমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি সরকারের শিল্প রক্ষার উদ্যোগের সাথে একাত্ম রয়েছে।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম