দেখতে দেখতে দুই যুগ

মনে হয় এইতো সেদিনের কথা। কিন্তু এরই মাঝে পেরিয়ে গেছে ২৪ বছর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরতরে হারিয়ে গেলেন অসাধারণ এক প্রতিভা সালমান শাহ। আজ তার ২৪তম মৃত্যুবার্ষিকী।

সালমান শাহ-এর স্যুইসাইডাল নোট

মাত্র তিন বছরের শিল্পী জীবনে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। এর প্রায় সবগুলোই সুপারহিট। দর্শকরা লুফে নিয়েছিলেন সালমানকে। জাফর ইকবালের পর এতো স্টাইলিশ নায়ক আসেনি আর ঢালিউডে।

মুম্বাইয়া সুপারহিট ফিল্ম ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর বাংলা রিমেক হলো বাংলাদেশে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সালমান শাহ আর মৌসুমীকে ব্রেক থ্রু দিলেন। অভিষেকেই বাজার মাত করলেন সালমান-মৌসুমী। শাহরিয়ার চৌধুরী ইমন হয়ে উঠলেন স্বপ্নের নায়ক সালমান শাহ। তার অভিনীত শেষ সিনেমা ‘বুকের ভিতর আগুন’। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ১৪টিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শাবনূর।

বাবা কমর উদ্দিন চৌধুরী। মা নীলা চৌধুরী। নীলা চৌধুরী ছিলেন সাবেক সেনা শাসক হু.মো এরশাদের বান্ধবী ও জাতীয় মহিলা পার্টির নেত্রী।

সালমানের জন্ম ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর। মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার মৃত্যু এখনও ধোঁয়াশায় ঢাকা।

সালমান শাহকে তার নিজের বেডরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরুতে বলা হলো সালমান আত্মহতা করেছেন। পরে তার মা নীলা চৌধুরী দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এখনও বিচারাধীন।