০৮ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি একাধারে নায়ক, পরিচালক ও প্রযোজক। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় তার। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন বর্ষা ও ববি।
এরপর নায়িকা বর্ষাকে সাথে নিয়ে সাতটি সিনেমায় অভিনয় করেছেন অনন্ত। সম্প্রতি শেষ করেছেন ‘দিন দ্য ডে’ সিনেমার শুটিং। ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্ত জলিল তার নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন। তুরস্কের সাথে যৌথ প্রযোজনায় ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ সিনেমাতেও অনন্তের বিপরীতে থাকবেন বর্ষা।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ১০ বছর আগে ইফতেখার ভাইয়ের পরিচালনায় আমি আর বর্ষা অভিনয় করেছি। উনার সাথে একটা ভুল-বোঝাবুঝি ছিল। সেটা এখন আর নেই। ১০ বছর পর আবারও একসাথে আমরা কাজ করব। নতুন এ সিনেমাতেও বর্ষা থাকবেন। বাকি অন্য শিল্পীদের নাম পরে ঘোষণা করা হবে। শিগগির অনুষ্ঠানিক ঘোষণা আসবে এ সিনেমাটি নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘দিন-দ্য ডে’ সিনেমার চিত্রায়ণে গিয়ে তুরস্কের একটি প্রযোজনা সংস্থার সাথে বিষয়টি পাকা করে এসেছেন অনন্ত জলিল। সেখানে তারা ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার একটি গানের চিত্রায়ণও সম্পন্ন করেছেন।
বিনোদন/এসকেএম
















Leave a Reply