নিজেদের বানানো টিকা আনছে ভারত

১৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে আসছে করোনার আরও এক নিজস্ব নতুন টিকা। জাইকোভ ডি নামে ওই টিকাটি দেয়া যাবে ১২-১৮ বছর বয়সীদেরও।

দেশটির জাইডাস ক্যাডিলা সংস্থার উৎপাদিত টিকাটি আগামী মাসেই বাজারে আসতে পারে। এ জন্য দ্রুত ছাড়পত্র দেয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। খবর: আনন্দবাজার পত্রিকা।

এক বিবৃতিতে ওই ওষুধ কোম্পানিটি জানিয়েছে, মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় ২৮ হাজার মানুষের ওপরে জাইকোভ ডি প্রতিষেধকটি প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১২-১৮ বছরের কিশোর-কিশোরীরাও।

সংস্থা জানিয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কা যখন চূড়ান্ত পর্যায়ে ছিল, সে সময়ে ওই প্রতিষেধকটি প্রয়োগ করে দেখা গেছে কার্যকারিতার প্রশ্নে এটি যথেষ্ট সফল এবং নিরাপদ।

বিজ্ঞানীদের দাবি, এই প্রতিষেধক নেয়ার ফলে শরীরের নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসে হওয়া মিউটেশনের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় চরিত্র বদলে সক্ষম। তিন ডোজের এই টিকার প্রথম ডোজ নেয়ার ২৮ ও ৫৬ দিন পরে দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিতে হয়।

ভারত/এসকেএম