নিউজ ডেস্ক: ভবনের নিরাপত্তা নিশ্চিত এবং বাণিজ্যিক ভবনগুলোর অনুমতি ও ছাড়পত্র পরীক্ষা করে দেখার দাবি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে পুরান ঢাকা এলাকার বাসিন্দারা। মানববন্ধন থেকে নগরীর ভবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক ভবনগুলোর অনুমতি ও ছাড়পত্র পরীক্ষা করে দেখার দাবি জানানো হয়।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায়, ওয়ারীর আড়ং ভবনের সামনে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, ফটো সাংবাদিক সংস্কৃতিজন রতন কুমার দাসের সভাপতিত্বে ও সিপিবি নেতা বিকাশ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বি খান, হামিদুর রহমান ইকবাল, পরেশ মজুমদার, হেলাল উদ্দিন আহমেদ, প্রিজম ফকিরসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, বেইলী রোডের গ্রিন কোজি কটেজের মত ঝুকিপূর্ণ প্রচুর ভবন রয়েছে সারা ঢাকা শহরজুড়ে। এই ভবনগুলো নজরাদারিতে আনা, সংশ্লিষ্ট ভবনগুলোর সব অনুমতি বা ছাড়পত্র পরীক্ষা ও জনসাধারণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করার দায়িত্ব সরকারের।
তারা বলেন, দায়িত্বে অবহেলার কারণেই এত বড় বিপর্যয় সংঘঠিত হয়েছে। এটি একটি কাঠামোগত ও অবহেলাজনিত হত্যাকাণ্ড। বক্তারা আরও বলেন, বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির মালিক পক্ষ কারা এখন অব্দি সেটা প্রকাশ করার এবং তাদের আইনের আওতায় আনার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
বক্তারা বলেন, কোন একটি ঘটনা ঘটার পরে সবাই মিলে কয়েক দিনের জন্য সোচ্চার হওয়া ও কিছু তৎপরতা চলে। নিমতলী, সেজান জুস ও তাজরীন গার্মেন্ট কারখানা, চুরিহাট্টাসহ কোন ঘটনারই বিচার অদ্যবধি হয়নি। ফলে এধরনের মৃত্যুকূপের পুনরাবৃত্তি ঘটে চলেছে।
বক্তারা বলেন, সারা বছর কাজ না করা রাজউক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলো এখন অতি তৎপরতা শুরু করেছে। তারা পাঁচ বছরের নিষ্ক্রিয়তা এক সপ্তাহে ঢাকতে চাচ্ছে। যার ফলে ছোটখাট ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল ভবন তদারকি করার দাবি জানান।
তারা বলেন, এখনই দেখতে হব এসব ভবন সব নিয়মকানুন অনুসরণ করা হয়েছে কিনা। নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘুষ খেয়ে দায়িত্বে অবহেলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা বলেন, আমরা আর একটিও নিমতলী, সিদ্দীকবাজার, চুরিহাট্টা কিংবা বেইলি রোডের ঘটনা দেখতে চাই না। মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে।
মানববন্ধন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply