প্রধানমন্ত্রীকে বিস্ফোরণের দায়ী করলেন বিচারক

১১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): লেবাননের বৈরুত বন্দরে বিশাল বিস্ফোরণের জন্য অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও তার তিন মন্ত্রীকে দায়ী করেছেন শীর্ষ তদন্তকারী বিচারক ফাদি সাওয়ান।

বৃহস্পতিবার তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ রায় দেন আদালত। খবর: এএফপি।

চলতি বছরের ৪ আগস্টের অ্যামোনিয়া বিস্ফোরণে ২০০ মানুষ মারা যান। ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানী বৈরুতের ওই এলাকা। এতে সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয় রাজনৈতিক এলিট শ্রেণির বিরুদ্ধে।

বিচারিক সূত্রগুলো বলছে, অ্যামোনিয়াম নাইট্রেট সারের রাসায়নিক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখার বিরুদ্ধে একাধিক চিঠিতে সন্দেহভাজনদের সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হয়েছে।

কিন্তু তারা সেই সত্যতা আমলে নেননি। এমনকি ধ্বংসাত্মক বিস্ফোরণ ও প্রচুর ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপও তারা নেননি। এ কারণে বৃহদাকারের ওই বিস্ফোরণ ঘটেছে এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিচার বিভাগ ও তদন্তের সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি দায়ী তিন মন্ত্রী হলেন- অর্থের আলী হাসান খলিল, কর্মসংস্থানের ইউসেফ ফেনিয়ানস ও পরিবহনের গাজী জেইতার।

গত মাসে পার্লামেন্টকে দেয়া এক চিঠিতে বিদায়ী কয়েক মন্ত্রীর দায়বদ্ধতা খতিয়ে দেখতে চিঠি দেন সাওয়ান। চিঠিটি দেয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নিজস্ব তদন্তে বিস্ফোরণে কয়েকজন মন্ত্রীর সন্দেহভাজন ভূমিকা উঠে আসার পর। এমনকি বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট পড়ে থাকার সমস্যা সমাধানে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেননি।

বিস্ফারণটি নিয়ে আগামী সোমবার অস্থায়ী প্রধানমন্ত্রীকে জেরার মুখে পড়তে হবে। লেবাননের ইতিহাসে এর আগে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের পর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের এফবিআই’র বিশেষজ্ঞদের সহায়তায় প্রাথমিক তদন্ত করা হয়। ওই ঘটনায় দেশটির মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়েছিল।

লেবানন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *