ফের আইসিইউতে নায়ক ফারুক

২৬ মে ২০২১ (বিনোদন ডেস্ক): দেশের নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে ফের আইসিইউতে নেয়া হয়েছে।

বুধবার অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় তিন মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য অভিনেতা।

দীর্ঘদিন কোমায় থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ফারুককে গত মাসের ২৮ এপ্রিল সাধারণ কেবিনে নেয়া হয়। কিন্তু দুইদিনের মধ্যে আবার শারীরিক জটিলতা দেখা দিলে পয়লা মে তাকে আবার হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

উল্লেখ্য, নিয়মিত চেকআপের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।

গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে প্রথমে আইসিইউতে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেই থেকে টানা দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসা চলেছে তার।

এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নায়ক ফারুক/এসকেএম