ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেলেন সারওয়ার আলম

৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও র‍্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম। সম্প্রতি এ সিনিয়র সহকারী সচিবকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

পদোন্নতি না পাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য করার দায়ে ‘অসদাচরণ’ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এ দণ্ড দিয়েছে। সারওয়ার আলমকে দণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) ফরিদ উদ্দিন আহমদ।

গত বছরের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম। ওই বছরের ৮ মার্চ তিনি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন- ‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়।

ওই স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। এতে জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৩ (খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে গত বছরের ৩০ জুন অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়। সারওয়ার আলম আত্মপক্ষ সমর্থনে কোনও লিখিত বক্তব্য দাখিল করেননি।

তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করলে তা পর্যালোচনায় দেখা যায়, সারওয়ার আলম ফেসবুকে মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৩(খ) বিধিতে বর্ণিত ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার ৪(২)(ক) বিধি অনুযায়ী তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে আদেশে বলা হয়, পর্যালোচনায় দেখা যায়, সারওয়ার আলম তার ফেসবুকে আইডিতে সেই মন্তব্যটি করেছেন বলে স্বীকার করেছেন এবং অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়া হয়েছে।

সারওয়ার আলম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *