বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ৭ মার্চের ভাষণের তাৎপর্য আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। এই ভাষণের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এ নগরভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে মেয়র আতিকুল ইসলাম নগর ভবনের মূলফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা।

আলোচনা সভায় মেয়র বলেন, প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। ৭ মার্চের ভাষণ কোন সহজ বিষয় ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই ভাষণ সম্ভব হয়েছিল। এই ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র আতিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *