১৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের বাংলাদেশ সফরে আসতে পরেন।
শুক্রবার ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে করিম খানের সাথে সাক্ষাতকালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
গত মাসে শপথ নেয়া করিম খান হাছান মাহমুদকে জানান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রতিষ্ঠার কাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের কথা তারা জানেন। এই আদালত প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে ‘রোম চুক্তি’ স্বাক্ষরে শেখ হাসিনার দৃঢ় ভূমিকার কথাও স্মরণ করেন করিম খান।
করিম খান কিউসি প্রায় ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেয়াকে বঙ্গবন্ধুকন্যার মহানুভবতা হিসেবে উল্লেখ করেন। বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপরাধের বিচারে তদন্ত অব্যাহত আছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এসময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের সাথেও সাক্ষাত করেন।
মন্ত্রী এরপর নেদারল্যান্ডসের যুবসমাজের জন্য নিবেদিত ডিজিটাল গণমাধ্যম আরএনডব্লিউ দপ্তর পরিদর্শনে গেলে সংস্থার পরিচালক সাসকিয়া ব্রাম হাছান মাহমুদকে স্বাগত জানান। এসময় মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ সাথে উপস্থিত ছিলেন।
এদিন ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেফতারের দিন স্মরণে সর্বইউরোপীয় আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে বর্ণনা।
সর্বইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় ইউরোপব্যাপী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এতে সংযুক্ত ছিলেন।
সপ্তাহব্যাপী ইউরোপ সফরশেষে রোববার ১৮ জুলাই মন্ত্রীর ঢাকা ফেরার কথা।
তথ্যমন্ত্রী/এসকেএম















