নিউজ ডেস্ক: বিদেশফেরত যাত্রীদের সর্বস্ব লুটে নেয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আমির হোসেন, লিটন মিয়া, আবু বক্কর সিদ্দিক ও জাকির হোসেন।
চারজনকে গ্রেফতারের বিষয়টি জানাতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, গত ২ সেপ্টেম্বর কুয়েতপ্রবাসী এক ব্যক্তির সর্বস্ব লুটে নেয়ার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তারা একটি চক্রের খোঁজ পান। পরে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব বলছে, চক্রটি ১৫ বছর ধরে বিদেশফেরত যাত্রীদের মালামাল লুট করে আসছিল। আত্মীয়স্বজন বিমানবন্দরে নিতে আসেননি- এমন যাত্রীদের সাথে কৌশলে সখ্য গড়ে তুলতেন চক্রের হোতা আমির হোসেন। তিনি নিজেকে বিদেশফেরত যাত্রী হিসেবে পরিচয় দিতেন। বিশ্বাসযোগ্যতা অর্জনে তার হাতে থাকত লাগেজ ও পাসপোর্ট। তার সাথে আত্মীয়স্বজন পরিচয়ে থাকতেন চক্রের অন্য সদস্যরা।
র্যাব জানায়, পরিচিত হওয়ার পর বিদেশফেরত যাত্রীর বাড়ি যে এলাকায়, আমির হোসেনও একই এলাকার বাসিন্দা বলে জানাতেন। একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দিতেন তিনি। রাজি হলে বিদেশফেরত যাত্রীকে সাথে নিয়ে গন্তব্যে রওনা দিতেন। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে বিদেশফেরত যাত্রীদের সবকিছু লুটে নিতেন তারা।
গ্রেফতার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply