০৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এসময়ে শিল্পকারখানা বিধিনিষেধের বাইরে থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হলো। ওই পাঁচদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিল্প, কল-কারখানা বিধিনিষেধের বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে চলাচল করবে ফ্লাইট।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল। সীমিত পরিসরে চলবে গণপরিবহণ।
তিনি বলেন, ১১ আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেয়া হবে। তবে এই সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন নিতে হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে এর মধ্যেই গত রোববার থেকে খুলে দেয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা।
লকডাউন/এসকেএম














